সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা—যেখানে একসময় পর্যটকের কোলাহল ছিল, এখন সেখানে চলছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে অভিযান শুরু করেছে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল।
এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক নাজমুস সাদাত রাফি। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা রোধ করতেই কমিশন সরাসরি মাঠে নেমেছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, অভিযানে বর্তমানে পুরো এলাকা নজরদারিতে রয়েছে। পাথর লুটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ নষ্টের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ পাথর উত্তোলন নিয়ে স্থানীয়দের ক্ষোভ ছিল। তবে এবার প্রথমবারের মতো দুদক সরাসরি অভিযান চালাচ্ছে, যা অনেকের কাছে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

