কারারক্ষী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৮ প্রার্থীকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তাঁরা সাক্ষাৎকার দিতে আসেন এবং তখন ধরা পড়েন। এই তথ্য আজ বুধবার কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাক্ষাৎকারের সময় দেখা গেছে ৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তাঁদের নাম করে অন্যরা পরীক্ষায় বসেছিল। কিন্তু প্রকৃত প্রার্থীরা সাক্ষাৎকারে উপস্থিত হলে জালিয়াতি ধরা পড়ে। লিখিত পরীক্ষার সময় সকল প্রার্থীর ছবি তোলা হয় এবং সাক্ষাৎকারের সময় তা যাচাই করা হয়। এই প্রক্রিয়ায় ফাঁস হয়ে যায় প্রতারণা।
জালিয়াতিতে যুক্ত প্রার্থীদের শনাক্ত করার পর বিষয়টি চকবাজার থানাকে জানানো হয়। পুলিশ তাঁদের আটক করে লালবাগের স্পেশাল মেট্রোপলিটন আদালতে হাজির করলে বিচারক ১০ মাসের কারাদণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের জবানবন্দি থেকে দালাল চক্রের সঙ্গে আরও অনেকের নাম পাওয়া গেছে। প্রার্থীদের বাবা-মা, ভাই বা আত্মীয়দের সঙ্গে চক্রের সদস্যরা ৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত চুক্তি করেছেন। কেউ কেউ সন্তানদের পক্ষে অলিখিত স্টাম্পে স্বাক্ষর বা ব্ল্যাঙ্ক চেক দালালদের হাতে জমা দিয়েছেন। আদালত প্রকৃত দালালদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার দাখিলের নির্দেশ দিয়েছে।

