সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ঘটনায় জড়িতদের তালিকাও চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ আদেশ দেন হাইকোর্ট।
এর আগে সকালেই সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে বলা হয়েছে, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী।
রিটে আরো দাবি করা হয়েছে, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে পাথর লুটের বিষয়ে সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হোক। উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়েছে। অভিযোগ আছে, স্থানীয় প্রশাসন দিনের বেলায় এসব পাথর উত্তোলন হওয়া সত্বেও কোনো ব্যবস্থা নিতে পারেনি।

