ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যার মামলায় আদালত ১২৩ জনকে খালাস দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। খালাস পাওয়া সবাই বিএনপির নেতা ও কর্মী ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন জবায়দুর রহমান। এদিন তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ঘটনার পর পুলিশ কনস্টেবল জাহিরুল ইসলাম ১২৩ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। একই বছরের আগস্টে সদর থানার এসআই আব্দুল মান্নান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল হালিম জানান, এটি ছিল রাজনৈতিক প্রেক্ষাপটের মামলা। সহকারী প্রিসাইডিং অফিসার পুলিশের গুলিতে নিহত হন। কোনো সাক্ষীও অভিযোগের পক্ষে কথা বলেননি, বাদীও নয়। ১১ বছর ধরে আসামিরা হয়রানি ও ঘরছাড়া ছিলেন।

