বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ-সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠান, একটি নিরীক্ষা প্রতিষ্ঠান ও ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গত জুলাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
তথ্যানুসারে, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নিরীক্ষা প্রতিষ্ঠান এমজে আবেদীন অ্যান্ড কোং-কে সতর্ক করা হয়েছে। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবকে ভবিষ্যতে সিকিউরিটিজ আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে কমিশন।
একই সময়ে ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালকসহ তিন পরিচালককে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ২০২৩ সালের ২৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ধানমন্ডি সিকিউরিটিজে পরিদর্শন চালিয়ে কমিশনে প্রতিবেদন দেয়। সেখানে শেয়ার লেনদেন সংক্রান্ত বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ, এমডি মো. মিজানুর রহমান খানকে ১ লাখ, পরিচালক আখতার জাহান খানকে ১ লাখ, মো. মেজবাহউদ্দীনকে ১ লাখ এবং আসিফ ইসলাম খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত জুনে বিএসইসি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এএম সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মিকা সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, এনসিসি ব্যাংক সিকিউরিটিজ, গেটওয়ে ইকুইটি রিসোর্সেস, ধানমন্ডি সিকিউরিটিজ, ডিএমআর সিকিউরিটিজ এবং নিরীক্ষা প্রতিষ্ঠান এবি অ্যান্ড কোং-কে সতর্ক করেছিল।
তারও আগে, গত মে মাসে শেয়ারদরে কারসাজির অভিযোগে নয় ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়। এতে সরকারি কর্মকর্তা ও আলোচিত বিনিয়োগকারী মো. আবুল খায়ের হিরুকে ৩৭ লাখ, তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ১৩ লাখ, পিতা আবুল কালাম মাতবরকে ৩ লাখ, বোন কনিকা আফরোজকে ৫৯ লাখ, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৮৫ লাখ, ব্যবসায়িক অংশীদার ক্রিকেটার সাকিব আল হাসানকে ৩ লাখ, মো. জাহেদ কামালকে ২ লাখ, মো. আশফাকুজ্জামানকে ১ লাখ, হুমায়ুন কবিরকে ৩ লাখ, মোনার্ক মার্ট লিমিটেডকে ১৫ লাখ, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩ লাখ, মোনার্ক এক্সপ্রেস লিমিটেডকে ২২ লাখ, সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ৫ লাখ এবং কোম্পানির এমডি মনিজা চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

