মালয়েশিয়ার দায়রা আদালতে দুই বাংলাদেশিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তোলা হয়েছে। অভিযুক্তদের একজন মো. মামুন আলী (৩১)। অভিযোগ অনুযায়ী, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে সমর্থন করেছেন।
মামুন আলীর বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় মামলা করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানার মুখোমুখি হতে পারেন। অভিযুক্ত আরেকজন রিফাত বিশাত (২৭)। চলতি বছরের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাড়িতে অনর এক্স৬এ মুঠোফোনে আইএসের পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
রিফাতের বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় মামলা করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে। দায়রা আদালতের বিচারক দাতো আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সামনে দুজনকে হাজির করা হয়েছে। আদালত দোভাষী নিয়োগের জন্য শুনানির তারিখ আগামী ১২ সেপ্টেম্বর ধার্য করেছেন। মামলার সরকারি কৌঁসুলি প্রথম মামলায় ছিলেন মরিয়াম জামিলাহ আব মানাফ এবং দ্বিতীয় মামলায় ছিলেন নুর আইনা রিদজওয়ান। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

