গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এখানে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ আদালতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে, সুপ্রিম কোর্টে আসা কিছু বিচারপ্রার্থী ও মামলা সংশ্লিষ্ট ব্যক্তি প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অবৈধ বস্তু নিয়ে প্রবেশ করছেন। এটি আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও বিচারকার্যে বাধা সৃষ্টি করছে।
ফলে বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া বৈধ লাইসেন্স থাকলেও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চত্বরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ অবৈধ বস্তু বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ও অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

