রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কোন ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে—তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আজ রোববার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তের ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারার আলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

