১৩ বছর আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যার ঘটনায় আদালত আজ রায় ঘোষণা করেছে। আজ রোববার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে জাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম। আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন বলেন, “রায় ঘোষণার সময় ১০ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে।”
ডা. নিতাই ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। হত্যাকাণ্ড ঘটেছিল ২০১২ সালের ২৩ আগস্ট রাতে মহাখালী হাসপাতালের আবাসিক এলাকায়। পরের দিন নিতাইয়ের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

