সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল করেছে। গতকাল রোববার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপনের অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমান। তার চাকরিও একই বিভাগের অধীনে ন্যস্ত করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

