গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে মাদ্রাসার সাত ছাত্রকে গুম করা হয়েছিল। পরে গাজীপুরের জয়দেবপুরের একটি বাড়িতে তাদের বাইরে থেকে তালাবদ্ধ করা হয়। জঙ্গি অভিযোগ তুলে ওই সাতজনকে হত্যা করা হয়। মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

