ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় আসাদুল হক বাবু হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ আজ সোমবার রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান নাসিরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়েছিলেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, তদন্তে জানা গেছে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সহায়তাপুষ্ট হয়ে নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অভিযোগ, তিনি উসকানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তার উসকানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ও কর্মীরা নির্বিচারে গুলিবর্ষণ করে, যার ফলে আসাদুল হক বাবু নিহত হন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, সাংবাদিকতার গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও নাসির উদ্দিন সাথী তার প্রভাব ও প্রতিপত্তি ব্যবহার করে দলীয় ও ব্যক্তিগত স্বার্থে সাবেক সরকারের আজ্ঞা মানতে গিয়ে বিরোধী পক্ষকে বাধাগ্রস্ত করেছেন। তিনি অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ ও রহস্য উদঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। গোয়েন্দা পুলিশ রোববার নাসির উদ্দিন সাথীকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে।

