দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, তিনি অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করা আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পলাশের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার এবং জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের প্ল্যান পাস করার অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল করা হয়নি।
দুদকের আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি সংশ্লিষ্ট নথি সংক্রান্ত কোনো প্রতিবেদন জমা দেননি। সময় বৃদ্ধি আবেদনও করেননি। ফলে, দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো।
গত ১৬ জুলাই কমিশন সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। আদেশটি ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

