পাবনা জেলার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে চরমপন্থি ময়েজ বাহিনীর আস্তানায় অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, চতরা বিলাঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানা পুলিশ ভোরে যৌথভাবে অভিযান চালায়। লুকানো ঘাঁটি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, একটি আট চেম্বারবিশিষ্ট রিভলবার, একটি ওয়ান শুটার গান, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ সন্ত্রাসী পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার মনির হোসেন (৪০) ও রেজাউল ইসলাম (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, স্থানীয়ভাবে সংঘটিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে চতরা বিলের দুর্গম চরাঞ্চলে ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলা তারা গা ঢাকা দিলেও রাতে অস্ত্র নিয়ে মহড়া দিত। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, কয়েকদিনের পর্যবেক্ষণের পর বিশেষ অভিযান চালানো হয়। সেখানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

