প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি প্রধান বিচারপতির কার্যালয়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছরের পূর্তিতে তাকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, গত এক বছরে প্রধান বিচারপতির প্রচেষ্টা ও কর্মপরিকল্পনা বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হাইকমিশনার প্রধান বিচারপতির কার্যক্রমের মধ্যে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ, বিচার সেবা দেওয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ১২ দফা নির্দেশনা, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
তিনি আরো বলেন, “আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য সর্বাত্মক সহযোগিতা করবে।”

