অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলে আইন পেশার প্রতি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা পুনরায় ফিরে আসবে। আজ শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভা-২০২৫-এ তিনি উপস্থিত সকল আইনজীবীদের উদ্দেশে এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, “বিচার বিভাগের জন্য মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ হয় এবং ১৫ হাজার কোটি টাকা কোর্ট ফি জমা হয়। আমরা এই বরাদ্দ বাড়িয়ে কমপক্ষে তিন হাজার কোটি টাকা করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেব।” তিনি আরো বলেন, “প্রতি জেলায় আইনজীবীদের জন্য আবাসন বরাদ্দও নিশ্চিত করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, দেশের সব আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ভাইস-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অন্যান্য সদস্যবৃন্দ। সভায় জেলা পর্যায়ে আইনজীবীদের বিভিন্ন সংকট ও সমস্যা সমাধানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

