মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদর দপ্তরে বদলি করা হয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১০ লাখ টাকার একটি মাদক মামলার গায়েবসহ আলী ইফতেখারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে স্থানীয়রা থানার সামনে কয়েক দফা মানববন্ধন করেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক কারবারি এবং কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে একটি মানববন্ধনও আয়োজন করা হয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছিল।

