ডিএমপি সিআইডি বরিশাল থেকে গ্রেপ্তার করেছে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। গ্রেপ্তার করা হয়েছে তাকে এক হত্যা মামলায়। গতকাল রোববার সন্ধ্যায় সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ওসি মিজানুর রহমান বলেন, ‘আসামিকে নিয়ে আভিযানিক টিম ইতিমধ্যেই ঢাকার পথে রওনা দিয়েছে। মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত জানাতে পারবে।’ উল্লেখ্য, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি ও শেখ হাসিসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

