অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত একটি বিশেষ টাস্কফোর্স ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটি খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের কাজ করছে। সম্প্রতি এই টাস্কফোর্সের মেয়াদ ৩ মাস বৃদ্ধি পেয়েছে।
নতুন সময়সীমা অনুযায়ী, এখন টাস্কফোর্স সেপ্টেম্বর পর্যন্ত নাগরিক ও অংশীজনদের কাছ থেকে তথ্য, মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করবে। এ উদ্যোগের মূল লক্ষ্য হল প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম—যেমন টেন্ডার কারসাজি, রাজনৈতিক প্রভাব বা প্রকল্পের স্থান নির্ধারণে অনিয়ম—সঠিকভাবে চিহ্নিত করা এবং তা শ্বেতপত্রে প্রতিফলিত করা।
টাস্কফোর্সের কাজ ইতোমধ্যেই চূড়ান্ত ধাপে পৌঁছেছে। চলতি বছরের ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশে গঠন করা এই কমিটি নতুন তিনজন বিশেষজ্ঞকে যুক্ত করেছে। তারা হলেন: প্রযুক্তিবিদ ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক রিফাত শাহরিয়ার।
আন্তর্জাতিকভাবে খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে কমিটি এখন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করছে।
তথ্য প্রদান করা যাবে ইমেইলে (ictwhitepaperbd2025@gmail.com), অনলাইন জরিপ ফর্মে (https://forms.gle/U81miZaZrQKWTwit8), ফেসবুক (www.facebook.com/ictwhitepaperbd2025) ও লিংকডইনে (**www.linkedin.com/company/ictwhitepaperbd2025**)। এছাড়া সরাসরি আইসিটি টাওয়ারের ৭ম তলার কক্ষ ৭০৭-এ গিয়ে বা নিচতলায় থাকা পরামর্শ বাক্সে তথ্য জমা দেওয়া যাবে।
এ উদ্যোগের মাধ্যমে সরকার চায় আইসিটি খাতের প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে অনিয়ম বন্ধ করা এবং স্বচ্ছতার নতুন এক ধারা স্থাপন করা।

