আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রার্থীদের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হলেও তা খতিয়ে দেখা হবে। আজ সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আসন্ন নির্বাচনে কালো টাকার সাপ্লাই চেইন বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রমে দুদক, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা একসঙ্গে কাজ করবে।
চেয়ারম্যান দেশের জনগণকে আহ্বান জানান, নির্বাচনে এমন প্রার্থীদের বেছে নেবেন না যারা কালো টাকা ব্যবহার করে বা দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে কালো টাকার ব্যবহার রোধে এনফোর্সমেন্ট ইউনিটের কার্যক্রম জোরদার করা হবে।

