ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত জালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি খালিদ মনসুর বলেন, গত রাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জালালকে পুলিশ হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় হেফাজতে থাকা জালাল আহমদকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জালাল হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে জালাল আহমদ রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে জালাল আহমদ রবিউলকে আঘাত করেছেন। আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন রবিউল হক বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকে। ঘুম ভেঙে যাওয়ায় আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ করলে সমস্যা হচ্ছে। তখন সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে আমি নিজেকে রক্ষা করি।” রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা করা হবে। রাতেই শাহবাগ থানাকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না। জালাল আহমদের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ আছে। আগের প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে তা আমি এখন বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সব বিষয় খতিয়ে দেখা হবে।”
এ ঘটনায় হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবি তুলেছেন অনেক শিক্ষার্থী। প্রক্টর বলেন, “শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছে। যদি তারা উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি পদ্ধতিগতভাবে জানায়, আমরা যথাযথ ব্যবস্থা নেব।”

