গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর শুক্রবারের হামলার ঘটনার তদন্তের জন্য সরকার উচ্চ পর্যায়ের জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে নেতৃত্ব দেবেন হাইকোর্টের একজন বিচারপতি।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নুরুল হক নুরকে ফোনে এই ঘটনার জন্য সমবেদনা জানিয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন। তাদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় সভাপতি নুরুল হক নুর আহত হন।

