অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
আজ রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী এ কে এম শহিদুর রহমানকে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রেখে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করতে হবে।
অন্য প্রজ্ঞাপনে একই শর্তে এসবি প্রধান মো. গোলাম রসুলকেও আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

