এবারের জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রোববার (৩১ আগস্ট) দুপুরে সিলেট বিভাগের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
ভোটকেন্দ্রে আনসারের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “ভোটকেন্দ্রে আনসার সদস্য বৃদ্ধি করা হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। নৌবাহিনী, বিমান বাহিনী এবং এপিবিএনও দায়িত্বে থাকবেন।” এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার হাজার পুলিশ সদস্যের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন ব্যাচ বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে। আরেকটি ব্যাচও প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকে প্রশিক্ষণ দেওয়া হবে। সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে এটি শুরু হবে।”
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করেন এবং বলেন, “এ ঘটনা সরকার তদন্ত করে খতিয়ে দেখছে।” বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো সমাধানে শিক্ষকরা খুবই যোগ্য। ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান সম্ভব।”
৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের তৎপরতা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এ ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। এছাড়া সীমান্ত এলাকা থেকেও অস্ত্র উদ্ধার হচ্ছে।” সিলেটে সাদাপাথর লুট প্রসঙ্গে তিনি বলেন, “লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে। লুটে দায়ীরা শাস্তির আওতায় আসবে।”
দুই দিনের সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা গত শনিবার রাতে সিলেটে পৌঁছান। গতকাল রোববার দুপুরে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

