গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত আদেশে তাকে জিএমপি কমিশনারের পদ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, “জিএমপি, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।”
ড. নাজমুল করিম খান গত ১১ নভেম্বর ২০২৪ জিএমপি কমিশনার পদে নিয়োগ পান। এরপর তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন (১ মে ২০২৫)।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ ওঠে যে, ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার ঘটনা ঘটেছে। এটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে এবং পরে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মহানগরীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে গাজীপুরে ছিনতাই, চাঁদাবাজি ও খুনসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। এসব ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও মহানগরীর অপরাধ বৃদ্ধির খবর নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।

