শ্রমিকদের মজুরি পরিশোধে গাফিলতির অভিযোগে তিনটি পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।
কারখানা ও মালিকরা হলেন: টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংও গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানা মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য মন্ত্রণালয় পুলিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে অনুরোধ পাঠিয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। সরকারের এই উদ্যোগ নেওয়ার পেছনে রয়েছে গাজীপুরের শ্রম আদালত এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতে চলা মামলার ভিত্তি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, অভিযুক্তদের দেশে ফিরিয়ে শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, কারখানার মালিকদের শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে অসহযোগী বা অবহেলার আচরণ সহ্য করা হবে না।

