ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল থাকছে আগামীকাল (বুধবার, ৩ সেপ্টেম্বর) পর্যন্ত। এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। তিনি জানান, বিষয়টি আগামীকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, গত সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে আদেশ দিয়েছিল। সেই আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে হাতে লেখা একটি আবেদন চেম্বার আদালতে দাখিল করে। এর প্রেক্ষিতে চেম্বার আদালত তাৎক্ষণিকভাবে হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত করেন এবং পূর্ণাঙ্গ আপিল আবেদন দাখিল করতে নির্দেশ দেন।
তিনি আরও জানান, মঙ্গলবার আপিল আবেদন দাখিলের পর চেম্বার আদালত মামলাটি পূর্ণাঙ্গ শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়েছেন এবং ততদিন পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল থাকবে।

