ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। এই সিদ্ধান্তের ফলে আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণে আর কোনো বাধা থাকছে না।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। শুনানি বেলা ১১টার পর শুরু হয়। এর আগে, ডাকসু নির্বাচন স্থগিত করা হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনমতে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
হাইকোর্ট গত সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল। একই দিনে চেম্বার আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। গত ২৮ আগস্ট এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিটের বিষয় ছিল মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কিত।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থি ছাত্রসংগঠনগুলো আলাদা প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।

