বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সাত মন্ত্রী ও সাত সংসদ সদস্যসহ মোট ২২ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত কারাগার থেকে জুম প্লাটফর্মের মাধ্যমে তাদের হাজিরা নেন। হাজিরা হওয়া আসামিরা:
- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
- সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
- সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
- সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
- সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
- সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ
- শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান
- সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু
- আহমেদ হোসেন
- সোলায়মান সেলিম
- আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী
- মমতাজ বেগম
- ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকা রোজী
- সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম
- সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
- সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক
- রিয়্যাল আডমিরাল মো. সোহাইল
- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
- মো. শহিদুল হক
- সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ
- সাবেক ওসি আবুল হাসান
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ, বাড্ডা, কাফরুল, ভাষানটেক, নিউমার্কেট, শাহবাগ, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানার বিভিন্ন মামলায় এই আসামিদের হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল।
আসামিদের আদালতে সরাসরি আনা-নেওয়ার সময় নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়। অনেকের প্রতি জনগণের ক্ষোভ থাকে, যা আদালতের প্রাঙ্গণে প্রকাশিত হওয়ার চেষ্টা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর চেষ্টা করে। তাই এবার আসামিদের কারাগারে রেখে জুম প্লাটফর্মের মাধ্যমে হাজিরা নেওয়া হয়েছে।

