গাজীপুরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ অনুযায়ী প্রথমবারের মতো একটি রায় বাস্তবায়ন হলো। দীর্ঘ সময় ধরে অবৈধভাবে দখল হয়ে থাকা জমি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের অভিযানে মূল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি হুকুম দখল কর্মকর্তা (এলএও) ইশতিয়াক আহমেদ। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণভাবেই উচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং জমির মালিককে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কায়সার খসরু বলেন, আইনের আওতায় গাজীপুরে এটিই প্রথম রায় সফলভাবে বাস্তবায়ন। তিনি আরও আশ্বস্ত করেন, ভবিষ্যতে এই আইনে ঘোষিত অন্যান্য রায়ও দ্রুত কার্যকর করা হবে।
মামলার বাদী শেখ শাহ জামাল জানান, গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকায় তার প্রায় ৯ শতাংশ জমি দখল করে নেয় স্থানীয় কয়েকজন। ২০২৩ সালে তাকে উচ্ছেদ করে সেখানে টিনশেড ঘর তুলে ভাড়া দেওয়া হয়।
অবশেষে চলতি বছরের জানুয়ারিতে তিনি আদালতে মামলা করেন। তদন্ত শেষে আদালত প্রমাণ পান—শাহ জামাল আইনানুগ মালিক এবং তাকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছিল। আদালত গত জুলাইয়ে রায় দিয়ে বিবাদীদের ১৫ দিনের মধ্যে জমি ছাড়ার নির্দেশ দেন। কিন্তু আদেশ না মানায় জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালায়।
জমি ফিরে পেয়ে শেখ শাহ জামাল আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বলেন,
“দুই বছর ধরে নিজের জমি থেকে উচ্ছেদ হয়ে অসহায় অবস্থায় ছিলাম। অবশেষে মামলার রায়ে আবার দখল ফিরে পেলাম। জেলা প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে পাশে দাঁড়িয়েছে— এজন্য আমি কৃতজ্ঞ।”
এই ঘটনার মাধ্যমে গাজীপুরে প্রমাণ হলো, নতুন আইনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত বিচার পেয়ে নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারে।

