জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিতের আবেদন হাইকোর্টে করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট শুনানির জন্য বসার কথা রয়েছে।
এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এই তথ্য জানান। এসময় কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় আরও দেখা যায়:
- যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন
- যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন
- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন
- পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ৬ জন
- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন
- সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন
- সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন
- নাট্য সম্পাদক পদে ৫ জন
- ক্রীড়া সম্পাদক পদে ৩ জন
- অন্যান্য পদে প্রার্থী সংখ্যা:
- সহ-ক্রীড়া সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৬ জন করে
- তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন
- সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ৮ জন
- সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৭ জন
- স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ৭ জন
- পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন
নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ১৬ জন, আর পুরুষদের জন্য সংরক্ষিত ৩টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ৪৬ জন নারী প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জিএস পদের জন্য দুই প্রার্থী রয়েছেন। নির্বাচনী তফসিল অনুসারে, প্রচারণা ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

