দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন গত ৪ সেপ্টেম্বর এই আদেশে সই করেছেন। আজ সোমবার দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে বলা হয়েছে, দুদকের মামলা থেকে অব্যাহতি দেওয়ার নাম করে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা গ্রহণ ও কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ আগস্ট কমিশন সভায় বিষয়টি বিবেচনা করা হয়।
রাষ্ট্রীয় স্বার্থ ও অভিযোগের গুরুত্ব লক্ষ্য করে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ মোতাবেক তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বিধিমালার ৪৩(১) ধারা অনুযায়ী গ্রহণ করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তাদের খোরাকি ভাতা দেওয়া হবে। আদেশ জারির তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

