ঢাকার অর্থঋণ আদালত জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামকে ঋণ খেলাপি মামলায় ৩০৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে।
গতকাল সোমবার ঢাকার অর্থঋণ আদালত-৫-এর বিচারক মোজাহিদুর রহমান এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের নথি অনুযায়ী, আসামিদের কাছে ডাকযোগে ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন জারি করা হয়েছিল কিন্তু কেউ লিখিত জবাব দেননি। ফলে একতরফা শুনানি শেষে মামলাটি নিষ্পত্তি করা হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করে। ব্যাংকটির দাবি ছিল ৩০৫ কোটি ৬৫ লাখ টাকা আদায়ের। আদালত শুনানি শেষে ব্যাংকের আবেদন, দাখিল করা নথি ও হলফনামা পর্যালোচনা করে রায়ে জানায়, ইউসিবির দাবি আইনগতভাবে সঠিক। সেইসঙ্গে ৬০ দিনের মধ্যে ১২ শতাংশ সুদসহ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
মামলায় আসামি করা হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক এনআরবিসি ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমামকে। এছাড়া পরিচালক চৌধুরী ফজলে ইমাম ও নিলুফার ইমাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত এমডি শাহ জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও পরিচালক প্রিন্স মজুমদার এবং অরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত পরিচালক হাসান শাহিদ সরোয়ারকেও আসামি করা হয়েছে।

