সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
খুদে বার্তায় বলা হয়েছে, ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার একটি রিসোর্ট থেকে সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ‘মঞ্চ ৭১’-এর একটি অনুষ্ঠানের সঙ্গে তার যোগসাজশের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে আবদুল লতিফ সিদ্দিকীসহ অন্যদেরও।
এছাড়া, গত রোববার রাতে রাজধানী থেকে আরেক সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের আদেশে গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে।

