জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। মামলার অন্যতম আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে এই আবেদন করা হয়।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আগামী মঙ্গলবার।
মামলার পাঁচ আসামির মধ্যে চারজন পলাতক। তাঁরা হলেন—ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আদালতে তাঁদের অব্যাহতির আবেদন করেছেন।
অন্যদিকে গ্রেপ্তার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারের বিষয়ে অব্যাহতির আবেদন শুনানি হবে আগামী রোববার।

