অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি গত ৭ সেপ্টেম্বর বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেন।
এর আগে গত ৩১ আগস্ট বিচারপতি আক্তারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। তিনি জেলা জজ থাকাকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন। গত ২৬ আগস্ট অনিয়মের অভিযোগে ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো বিচারপতি আক্তারুজ্জামানের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
এরও আগে, গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগ ও তৎকালীন শেখ হাসিনা সরকারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান। তাদের বিচার কার্যক্রম থেকে বিরত রাখা হয়।
সেসময় ছুটিতে পাঠানো বিচারপতিরা ছিলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
পরে এসব অভিযোগ তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাজনৈতিক পরিবর্তনের পর গত বছরের ২০ অক্টোবর বিচারপতি অপসারণসংক্রান্ত কাউন্সিল পুনরায় কার্যকর হয়। নতুনভাবে গঠিত কাউন্সিলে প্রধান বিচারপতির পাশাপাশি আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

