আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত ৪৪৬ কোটি টাকা বরাদ্দের আবেদন করেছে।
এর মধ্যে অস্ত্র ও গোলাবারুদ কিনতে ১৯১ কোটি টাকা এবং ইউনিফর্মের জন্য ১৯৬ কোটি টাকার প্রস্তাব রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য আনসার-ভিডিপির প্রায় ৫ লাখ ৮৫ হাজার সদস্যের নিরাপত্তা সামগ্রী কেনায় ৩১ কোটি টাকা এবং মোটরযান কেনায় ২৮ কোটি টাকা ব্যয় হবে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনসারের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী, মোটরযান ও প্রশিক্ষণের জন্য ইতিমধ্যেই ২০৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
আগের প্রস্তাব ও অনুমোদন-
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনসার সদস্যদের সরঞ্জাম কেনার জন্য ৬৮৭ কোটি টাকা চেয়ে প্রস্তাব পাঠায়। কিন্তু তখন অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য মাত্র ২৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয় এবং বাকি প্রস্তাব ফেরত পাঠানো হয়।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আগস্টের প্রস্তাবের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল, নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া যাবে। অতিরিক্ত ব্যয়ের জন্য কমিশনের বরাদ্দ ব্যবহার করতে বলা হয়েছিল।”
এরপর ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অর্থ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রধানরা। বৈঠকে অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনা হয় এবং অর্থ সচিব নীতিগতভাবে সম্মতি দেন। এর ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে ৪৪৬ কোটি টাকার আবেদন পাঠায়।
নির্বাচনের প্রস্তুতি জোরদার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমভাগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছে এবং জানিয়েছে, ডিসেম্বরের প্রথমভাগে তফসিল ঘোষণা হবে।
এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন সাজানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি শুরু করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নির্বাচনে সারাদেশে ৪৫ হাজার ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য ১ লাখ ৩৫ হাজার আনসার ও ৪ লাখ ৫০ হাজার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী ও মোটরযানের জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জাম কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বাজেটে বরাদ্দ আছে। নির্বাচন কমিশনের জন্যও ২০৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “নির্বাচনের জন্য অর্থ বরাদ্দ দিতে সরকার কোনো কার্পণ্য করবে না।”

