চট্টগ্রাম কাস্টমসে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাজীব রায় ও তাঁর সহযোগী। গতকাল মঙ্গলবার বিকেলে কাস্টম হাউসের দ্বিতীয় তলায় রাজস্ব মূল্যায়ন শাখা-৭ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল তাঁদের আটক করে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হোমল্যান্ড প্লাস্টিক সু ইন্ডাস্ট্রিজের প্রোপ্রাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮ মার্কিন ডলার মূল্যের পণ্য ছাড়ের জন্য কাগজপত্র দাখিল করেন। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন তাঁকে হয়রানি করে নির্ধারিত শুল্কের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব বা নিলামে বিক্রির হুমকি দেন তাঁরা।
পরে ব্যবসায়ী আমির হোসেন বিষয়টি দুদককে জানালে একটি বিশেষ টিম ছদ্মবেশে অভিযান চালায়। লেনদেনের সময় রাজীব রায় ও তাঁর সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে আটক করা হয়। অভিযান শেষে আলামত জব্দ ও সাক্ষীদের বক্তব্য নেওয়ার পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় এবং রাতেই দুজনকে বন্দর থানায় সোপর্দ করা হয়। দুদকের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, মামলার তদন্তে অপরাধে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

