কক্সবাজারের টেকনাফসংলগ্ন সাগরপথে মিয়ানমারে খাদ্যপণ্য পাচারের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।
নৌবাহিনী গত ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সাগর থেকে ট্রলারসহ আসামিদের আটক করে। এ বিষয়টি গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী এক বিজ্ঞপ্তিতে জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রলার এফবি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১ তল্লাশি করে জব্দ করা হয়েছে:
- ১৫,০০০ কেজি আলু
- ৭৫০ কেজি রসুন
- ২,৫০০ কেজি ময়দা
- ২,৫০০ কেজি মসুর ডাল
- ১৪,৪০০ পিস কোমল পানীয় (টাইগার-স্পিড)
- ৬০০টি গ্যাস লাইটার
- ৮০০ পিস শেভিং ব্লেড
- ৩টি মোবাইল ফোন
- ১টি বাইনোকুলার
- ১টি কম্পাস
- ৪০০ ফুট কারেন্ট জাল
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, আটককৃত পাচারকারী, ট্রলার ও মালামাল টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার আসামিদের আজ বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

