পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ বুধবার গোপন সূত্রের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার রয়েছে। লকারের নম্বর ৭৫১ ও ৭৫৩। কর ফাঁকির প্রমাণ খুঁজে বের করার জন্য এই লকার জব্দ করা হয়েছে।
এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকার জব্দ করা হয়েছিল। সেখানেও লকারটি সাবেক প্রধানমন্ত্রীর নামে। এখন পর্যন্ত অগ্রণী ও পূবালী ব্যাংকে মোট তিনটি লকার জব্দ করা হলো।
এনবিআর জানিয়েছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও রয়েছে। একটি হিসাবের এফডিআর ১২ লাখ টাকা, আরেকটি হিসাবের টাকা ৪৪ লাখ। এসব হিসাবও জব্দ করা হয়েছে এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তাঁর পরিবারের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত শুরু করে। লকার জব্দ এ অভিযান সেই তদন্তের অংশ।

