সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটন এলাকা সাদাপাথরে এবার থেকে কঠোর নিয়ন্ত্রণে থাকবে নৌযান চলাচল। উপজেলা প্রশাসন জানিয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলতে পারবে। অন্য কোনো নৌযান এই পথে নামলেই আইনের আওতায় আনা হবে।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাইকিং করে স্থানীয়ভাবে এই ঘোষণা জানানো হয়। প্রশাসনের ভাষ্য, দীর্ঘদিন ধরে ব্রিজের আশপাশে প্রকাশ্যে বালু ও পাথর লুট চলছিল। রাজনৈতিক ছত্রছায়ায় এ অবৈধ কর্মকাণ্ড যেন থামছেই না। ফলে সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য যেমন হুমকির মুখে পড়ছিল, তেমনি ধলাই নদীর পরিবেশও বিপর্যস্ত হচ্ছিল।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়। এর পরই উপজেলা প্রশাসন দ্রুত মাইকিং করে নতুন নির্দেশনা কার্যকরের ঘোষণা দেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ব্যক্তিগত ফেসবুক পেজে নির্দেশনার ভিডিও শেয়ার করে জানান, নিয়ম ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, সাদাপাথরে পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে অবৈধ বালু-পাথর উত্তোলনও বেড়েছিল। এবার প্রশাসনের এই পদক্ষেপে অন্তত প্রকৃতি কিছুটা হলেও রক্ষা পাবে বলে তারা আশা করছেন।

