জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে নতুন করে চিফ লিগ্যাল এইড অফিসার পদ চালু করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনটি প্রকাশিত হয় গত ১৫ সেপ্টেম্বর।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ২০০০ সালের আইনগত সহায়তা প্রদান আইন (২০০০ সনের ৬নং আইন) এর ২১গ ধারা গত ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ধারার অধীনে পক্ষগণ ও মধ্যস্থতাকারীর স্বাক্ষরে সম্পাদিত এবং চিফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি হবে চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষদের জন্য বাধ্যতামূলক।
তবে এখনো নতুন পদে কর্মকর্তা নিয়োগ হয়নি। এজন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সব জেলায় লিগ্যাল এইড অফিসার বা ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসারকে চিফ লিগ্যাল এইড অফিসারের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ দেওয়া হয়েছে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর ধারা ২১ক উপ-ধারা (১ক) অনুযায়ী।
সংস্থার নির্বাহী পরিচালক ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ইতোমধ্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন পদ চালুর ফলে দেশের সব জেলায় আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

