রাজধানীর যাত্রাবাড়ীতে পালিত নাতির হাতে খুন হয়েছেন হাসিনা বেগম (৬৩)। এ ঘটনায় অভিযুক্ত সাজেদুল হক সাজু (৩০)কে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তাকে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার নিহতের ভাতিজা আশরাফ আলী যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯০ সাল থেকে হাসিনা বেগম ধলপুরের সিটি পল্লীতে একটি সরকারি বরাদ্দকৃত টিনশেড ঘরে একাই থাকতেন। স্বামী নুরুল ইসলাম বহু আগেই মারা গেছেন। তাদের একমাত্র মেয়ে বিবাহিত, গ্রামের বাড়িতে থাকেন।
সাজু হাসিনাকে ‘নানি’ বলে ডাকত। সেই সম্পর্কেই তিনি তাকে আশ্রয় দেন। হাসিনা বেগম বাসাবাড়িতে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে সাজু তাকে নির্মমভাবে হত্যা করে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া যায়। দুপুরে পাশের বাসায় থাকা অঞ্জু বেগম দরজায় টোকা দিলে সাজু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

