আইন হলো এমন নিয়মকানুন যা মানুষকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে জীবনযাপন করতে সাহায্য করে এবং রাষ্ট্র কর্তৃক বলবৎ করা হয়, যা সকলের জন্য অবশ্য পালনীয়। এটি সমাজের শান্তি, শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখার জন্য তৈরি করা হয় এবং আইন ও বিচার বিভাগ দ্বারা কার্যকর করা হয়।
রাষ্ট্র পরিচালনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কোনো বিকল্প নেই। আইন শুধু আদালত বা বিচার ব্যবস্থার জন্য নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এটি সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ছোট-বড় সিদ্ধান্ত থেকে শুরু করে নাগরিক অধিকার, অর্থনীতি কিংবা প্রযুক্তি—সব জায়গায় আইন প্রযোজ্য।
আইনের মূল উদ্দেশ্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং মানুষের অধিকার রক্ষা করা। এজন্য আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এর অন্যতম বৈশিষ্ট্য হলো রাষ্ট্র অনুমোদিত হওয়া, ভঙ্গ করলে শাস্তি পাওয়া এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে ফৌজদারি আইন, দেওয়ানি আইন, শ্রম আইন, তথ্যপ্রযুক্তি আইনসহ অসংখ্য আইন মানুষের জীবনকে নিয়ন্ত্রণ ও সুরক্ষা দিচ্ছে। আইনের শাসন যত বেশি শক্তিশালী হবে, সমাজ তত বেশি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ হবে।
একসময় আইন পড়া মানেই আইনজীবী হওয়া—এমন ধারণা প্রচলিত ছিল কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। কর্পোরেট সেক্টর থেকে আন্তর্জাতিক সংস্থা—সবখানেই দক্ষ আইনজ্ঞের চাহিদা বাড়ছে। ডিজিটাল যুগে সাইবার অপরাধ, তথ্য অধিকার, মেধাস্বত্ব, পরিবেশ আইনসহ নানা বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করা জরুরি হয়ে পড়েছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শিক্ষার পাঠ্যক্রমকে যুগোপযোগী করতে হবে।
আইন শিক্ষা কেবল পেশা নয়, এটি সচেতনতা তৈরিরও একটি মাধ্যম। একজন সাধারণ নাগরিক যদি নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানেন, তাহলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, বিশ্লেষণ ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা বাড়াতে হবে। ফলে আইন শিক্ষা হয়ে উঠছে সময়ের দাবি।
‘ল’ কলেজে মানহীন আইন শিক্ষা: ভবিষ্যৎ নিয়ে শঙ্কা:
বাংলাদেশে আইন শিক্ষার প্রসার ঘটলেও মান নিয়ে প্রশ্ন উঠছে বারবার। বিশেষ করে দেশের অনেক ‘ল’ কলেজে শিক্ষা কার্যক্রমে মানহীনতা এখন স্পষ্ট। যথাযথ পাঠ্যক্রমের অভাব, দক্ষ শিক্ষক সংকট, গবেষণার সুযোগ না থাকা এবং ব্যবহারিক প্রশিক্ষণের ঘাটতি শিক্ষার্থীদের দক্ষ আইনজ্ঞ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ করছে।
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক বেসরকারি ‘ল’ কলেজে শিক্ষার পরিবেশ আশানুরূপ নয়। অনেক জায়গায় পাঠদান সীমাবদ্ধ হয়ে পড়েছে শুধু পরীক্ষার প্রস্তুতি আর নোটের মধ্যে। আদালতভিত্তিক অভিজ্ঞতা বা ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ খুব কম থাকায় শিক্ষার্থীরা বাস্তব জীবনে আইনচর্চায় দক্ষতা অর্জন করতে পারছে না। আইন শিক্ষা মানসম্মত না হলে এর প্রভাব পড়ে গোটা বিচার ব্যবস্থার ওপর। দক্ষ আইনজীবীর সংকট তৈরি হয়, মামলা পরিচালনায় দীর্ঘসূত্রতা বাড়ে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যাহত হয়। শুধু তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যায়। শিক্ষাবিদরা মনে করেন ‘ল’ কলেজগুলোর পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। গবেষণামুখী শিক্ষা, দক্ষ শিক্ষক নিয়োগ এবং ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। আদালত, লিগ্যাল এইড কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা জরুরি।
মানহীন আইন শিক্ষার কারণ:
মানহীন আইন শিক্ষার কারণগুলোর মধ্যে রয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে অকারণে আইন বিভাগ খোলা, গৎবাঁধা শিক্ষাদান, আধুনিক ও বাস্তবভিত্তিক পাঠ্যক্রমের অভাব, প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকের অভাব, এবং আধুনিক গবেষণার সুযোগ-সুবিধা না থাকা। এছাড়া, অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তির অভাব এবং শিক্ষার্থীদের আইনের মূল বিষয়গুলো আয়ত্ত করতে না পারা। নিন্মে কিছু উল্লেখযোগ্য কারণ দেয়া হলো:
অপর্যাপ্ত শিক্ষক ও প্রশিক্ষিত জনবলের ঘাটতি: অনেক ‘ল’ কলেজে পূর্ণকালীন শিক্ষক নেই বা থাকলেও সংখ্যায় খুবই সীমিত। অনেক সময় খণ্ডকালীন শিক্ষক দিয়ে পুরো একাডেমিক বছর চালানো হয়। এসব শিক্ষকের অনেকেই অন্য পেশায় যুক্ত থাকায় নিয়মিত পড়ানো বা গবেষণার সুযোগ পান না। এর ফলে শিক্ষার্থীরা ধারাবাহিক পাঠদান থেকে বঞ্চিত হয়। শুধু সংখ্যার ঘাটতিই নয়, মান নিয়েও প্রশ্ন রয়েছে। অনেক প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা বা গবেষণার যোগ্যতার চেয়ে আনুষ্ঠানিক ডিগ্রিকে প্রাধান্য দেওয়া হয়। ফলে শিক্ষকেরা পাঠদানে আধুনিক পদ্ধতি ব্যবহার করেন না। তারা কেবল বইভিত্তিক তথ্য দেন, বিশ্লেষণ বা যুক্তিনির্ভর আলোচনা হয় না। এ কারণে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধান বের করার মতো দক্ষতা অর্জন করতে পারে না।
আধুনিক কারিকুলামের অভাব: বাংলাদেশের বহু ‘ল’ কলেজে পাঠ্যক্রম এখনও পুরোনো ধাঁচের। ফৌজদারি আইন, দেওয়ানি আইন বা সংবিধান শেখানো হলেও নতুন আইনশাস্ত্রের ক্ষেত্রগুলোতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। অথচ আধুনিক বিশ্বে সাইবার আইন, আন্তর্জাতিক বাণিজ্য আইন, পরিবেশ আইন, মানবাধিকার আইন, করপোরেট আইন কিংবা মেধাস্বত্ব আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশীয় ও আন্তর্জাতিক আইনের মধ্যে সমন্বয় করা প্রয়োজন হলেও অনেক কলেজে সেই উদ্যোগ নেই। পাঠ্যপুস্তকও অনেক সময় পুরোনো ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীরা যখন বাস্তব ক্ষেত্রে কাজ শুরু করে, তখন তারা নতুন আইন বা আন্তর্জাতিক চুক্তির জটিলতা সামাল দিতে পারে না। আরেকটি বড় সমস্যা হলো কারিকুলামের কাঠামোতে গবেষণা ও বিশ্লেষণের সুযোগ কম। অধিকাংশ ল কলেজ পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে সীমাবদ্ধ থাকে। এতে শিক্ষার্থীরা কেবল মুখস্থনির্ভর হয়ে ওঠে, কিন্তু আইন ব্যাখ্যা ও প্রয়োগ করার দক্ষতা গড়ে ওঠে না।
ব্যবহারিক প্রশিক্ষণের ঘাটতি: আইন শিক্ষা শুধু বই বা ক্লাসে সীমাবদ্ধ নয়। আদালতের কার্যক্রম বুঝতে, মামলার নথি বিশ্লেষণ করতে এবং সঠিকভাবে যুক্তি উপস্থাপন করতে হাতে-কলমে অভিজ্ঞতা দরকার কিন্তু অধিকাংশ ল কলেজে এই সুযোগ নেই। মুট কোর্ট, ক্লিনিকাল ‘ল’ শিক্ষা, আদালত পরিদর্শন বা আইন সহায়তা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয় না। ফলে তারা স্নাতক সম্পন্ন করার পর হঠাৎ করে আদালতের জটিল পরিবেশে গিয়ে মানিয়ে নিতে পারে না। অনেক উন্নত দেশে আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বাধ্যতামূলক। তারা আইনজীবীর চেম্বারে কাজ করে, আদালতে অংশ নেয় এবং বাস্তব মামলা বিশ্লেষণ করে। কিন্তু বাংলাদেশে এ ধরনের সুযোগ খুব সীমিত। এর ফলে শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞান নিয়েই ডিগ্রি শেষ করে, কিন্তু বাস্তবে দক্ষ আইনজীবী হয়ে উঠতে পারে না।
শিক্ষার মানের বৈষম্য: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মানে বড় ধরনের ফারাক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোতে কিছুটা মান বজায় থাকলেও অনেক বেসরকারি ল কলেজে শিক্ষার পরিবেশ আশানুরূপ নয়। অনেক বেসরকারি কলেজ কেবল ভর্তি ব্যবসার ওপর নির্ভর করে। সেখানে ক্লাস হয় অনিয়মিত, শিক্ষকরা খণ্ডকালীন, আর গবেষণার সুযোগ প্রায় নেই বললেই চলে। ফলস্বরূপ একই ডিগ্রি থাকলেও এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী আরেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তুলনায় অনেক পিছিয়ে থাকে। এই বৈষম্য ভবিষ্যৎ আইনজীবীদের দক্ষতায় বড় প্রভাব ফেলছে।
তথ্য ও সচেতনতার অভাব: দেশে কোন ‘ল’ কলেজ মানসম্মত, কোনটির শিক্ষার পরিবেশ দুর্বল—এ বিষয়ে শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রায় নেই। ভর্তি পরীক্ষায় অনেকেই কেবল কাছাকাছি কলেজ বা কম খরচ দেখে ভর্তি হয়। কেউ কেউ আবার বিজ্ঞাপনের প্রলোভনে নিম্নমানের কলেজে চলে যায়। এভাবে শুরু থেকেই তারা দুর্বল পরিবেশে পড়াশোনা করতে বাধ্য হয়। ফলে ডিগ্রি অর্জনের পরও তাদের আইনি জ্ঞান ও দক্ষতা মানসম্পন্ন হয় না। তথ্যের অভাব শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকদেরও ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
অবকাঠামো ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা: অনেক ‘ল’ কলেজে পর্যাপ্ত ক্লাসরুম নেই, নেই সমৃদ্ধ লাইব্রেরি বা আইনি গবেষণার উপকরণ। অধিকাংশ কলেজেই আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নেই। অনলাইন ডাটাবেস, আন্তর্জাতিক জার্নাল, ডিজিটাল লাইব্রেরি বা কেস স্টাডি রিসোর্স শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে না। ফলে তারা আন্তর্জাতিক মানের আইন শিক্ষা থেকে পিছিয়ে পড়ে। বিশ্ব যেখানে ই-গভর্নেন্স, সাইবার আইন, আন্তর্জাতিক সালিশি আইন বা ডিজিটাল প্রমাণের ওপর জোর দিচ্ছে, সেখানে আমাদের শিক্ষার্থীরা এখনও পুরোনো বইয়ের মধ্যেই সীমাবদ্ধ।
তদারকি ও মান নিয়ন্ত্রণের ঘাটতি: সবচেয়ে বড় সমস্যা হলো কার্যকর তদারকি নেই। অনেক ‘ল’ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও সেখানকার শিক্ষা মান পর্যবেক্ষণ করা হয় না। পাঠদান, ক্লাসরুটিন, শিক্ষকের যোগ্যতা কিংবা পরীক্ষার মান নিয়ন্ত্রণের কোনো নিয়মিত ব্যবস্থা নেই। এ কারণে বহু কলেজ অবাধে ভর্তি কার্যক্রম চালালেও শিক্ষার মান নিশ্চিত করতে ব্যর্থ হয়। অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষার আগে নোট মুখস্থ করে পাশ করলেও তারা আসল দক্ষতা অর্জন করতে পারে না। এই তদারকির ঘাটতি মানহীন শিক্ষা চলমান রাখার বড় সুযোগ তৈরি করেছে।
আইন পেশায় মান কমার কারণ:
বাংলাদেশে আইন শিক্ষা ও পেশার মান নিয়ে উদ্বেগের পাশাপাশি আলোচনায় উঠে আসছে আরেকটি বিষয়—আইনজীবী সমাজের মানহানি। আদালত ও সমাজে আইনজীবী পেশার মর্যাদা বজায় না থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় বাধা তৈরি হয়। বিশেষজ্ঞরা মনে করেন, কিছু নির্দিষ্ট কারণে এই মান কমছে।
রাজনৈতিক প্রভাব ও অসৎ উদ্দেশ্য: বাংলাদেশের আইন পেশায় সবচেয়ে আলোচিত সমস্যা হলো রাজনৈতিক প্রভাব। অনেক আইনজীবী আদালতের বাইরে রাজনৈতিক পরিচয়কে মূল শক্তি হিসেবে ব্যবহার করেন। এর ফলে যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য অনেক সময় অগ্রাধিকার পায়। রাজনৈতিক দলগুলোর আইনজীবী সংগঠন রয়েছে, যাদের প্রভাব বার কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে আদালতের পরিবেশ পর্যন্ত বিস্তৃত। কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলা বা আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার অভিযোগও উঠে আসে। এভাবে আদালত ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। একই সঙ্গে কিছু আইনজীবী ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য পেশাকে ব্যবহার করেন। ক্লায়েন্টকে অযথা প্রলুব্ধ করা, বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করে অর্থ আদায় করা কিংবা প্রভাবশালী ব্যক্তিদের হয়ে কাজ করে সুবিধা নেওয়ার প্রবণতা দেখা যায়। এসব কারণে সমাজে আইন পেশার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে।
আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা: আইনজীবীদের জন্য বার কাউন্সিলের নির্ধারিত একটি আচরণবিধি রয়েছে। এর উদ্দেশ্য হলো পেশাগত সততা ও মর্যাদা বজায় রাখা কিন্তু বাস্তবে অনেক আইনজীবী এ নিয়মকানুন অমান্য করেন। আদালতে অশোভন আচরণ, বিচারকের প্রতি অসম্মানজনক বক্তব্য, বা প্রতিপক্ষকে অপমান করা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আবার কিছু আইনজীবী ক্লায়েন্টকে বিভ্রান্ত করে অযৌক্তিক মামলা করান কিংবা মামলা জেতার অবাস্তব আশ্বাস দেন। এতে একদিকে মানুষ প্রতারিত হয়, অন্যদিকে আদালতের ওপরও চাপ বাড়ে। অতিরিক্ত ফি দাবি, মামলা ফাইল করার আগে সঠিক পরামর্শ না দেওয়া বা মামলার পক্ষকে ঘুরিয়ে ফিরিয়ে অর্থ আদায়ের মতো অনৈতিক কর্মকাণ্ডও বেড়ে চলেছে। এসব কারণে আইন পেশা যে নৈতিকতা ও সেবার ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অপর্যাপ্ত প্রশিক্ষণ ও শিক্ষানবিশ: আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে শিক্ষানবিশ পর্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে নতুন আইনজীবী অভিজ্ঞদের কাছ থেকে বাস্তব আদালত পরিচালনা, মামলার প্রস্তুতি, আইনি নথি রচনা ও আদালতের আচরণবিধি শিখে নেন। কিন্তু বাংলাদেশে এই শিক্ষানবিশ প্রক্রিয়া যথেষ্ট কার্যকর নয়। বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনেক নতুন আইনজীবী কাগজে-কলমে শিক্ষানবিশ থাকলেও বাস্তবে পর্যাপ্ত দিকনির্দেশনা পান না। অভিজ্ঞ সিনিয়র আইনজীবীরা অনেক সময় নতুনদের শেখাতে আগ্রহী নন, কিংবা প্রয়োজনীয় সময় দেন না। এর ফলে তারা হাতে-কলমে কাজ শেখার সুযোগ থেকে বঞ্চিত হন। এই ঘাটতির কারণে অনেক নতুন আইনজীবী মামলার ফাইল পড়া, যুক্তি সাজানো, প্রমাণ উপস্থাপন বা আদালতে সঠিকভাবে বক্তব্য দেওয়ার মতো দক্ষতায় পিছিয়ে থাকেন। দীর্ঘমেয়াদে এটি শুধু তাদের ব্যক্তিগত ক্যারিয়ার নয়, পুরো আইন পেশার মানকেও নিচে নামিয়ে দেয়।
আইন পেশার অপব্যবহার: আইন মানুষের ন্যায়বিচার পাওয়ার অন্যতম ভরসা কিন্তু কিছু আইনজীবীর কারণে এই পেশা অপব্যবহারের শিকার হচ্ছে। অনেক সময় মামলার পক্ষকে অযথা বিভ্রান্ত করা হয়, মিথ্যা মামলা করা হয় বা মামলাকে দীর্ঘায়িত করে বাড়তি অর্থ আদায় করা হয়। কিছু আইনজীবী ক্লায়েন্টকে অযথা হয়রানিমূলক মামলা করার পরামর্শ দেন। আবার কেউ কেউ মামলার কাগজপত্র জটিল করে তুলেন যাতে বেশি অর্থ দাবি করা যায়। এভাবে মানুষের কষ্টকে কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো—এতে সাধারণ মানুষের মধ্যে আইন পেশা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। তারা মনে করেন, আইনজীবীরা ন্যায়বিচার নয়, বরং অর্থ উপার্জনের জন্যই কাজ করেন। এর ফলে জনগণের আস্থা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
আইন পেশার সংকট নিরসনে করণীয়:
বাংলাদেশে আইন শিক্ষা ও আইনজীবী পেশার মান নিয়ে উদ্বেগ নতুন নয়। আদালতের ভেতরে-বাইরে নানা অনিয়ম, অদক্ষতা ও রাজনৈতিক প্রভাবের কারণে এ পেশার প্রতি মানুষের আস্থা অনেকাংশে নষ্ট হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে পরিস্থিতি বদলানো সম্ভব। নিচে সমাধানের দিকগুলো বিস্তারিতভাবে দেওয়া হলো—
- বার কাউন্সিলের সক্রিয় ভূমিকা: বাংলাদেশ বার কাউন্সিল হলো আইনজীবীদের নিবন্ধন, প্রশিক্ষণ, তদারকি এবং শৃঙ্খলা রক্ষার প্রধান সংস্থা। কিন্তু বাস্তবে এর কার্যক্রম প্রায়শই সীমিত থাকে ভর্তি পরীক্ষা, বার কাউন্সিল নির্বাচন ও মৌলিক নথিপত্রে। অথচ আইনজীবী পেশার মানোন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা হতে পারে অনেক বেশি কার্যকর।
- প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন: নিয়মিত সেমিনার, কর্মশালা ও ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতে হবে। আন্তর্জাতিক মানের আইন শিক্ষা, তথ্যপ্রযুক্তি ব্যবহার, বিচার ব্যবস্থার নতুন প্রবণতা—এসব বিষয় অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কোর্স চালু করা দরকার।
- মান নিয়ন্ত্রণ: শুধু সনদ দেওয়াই যথেষ্ট নয়, আইনজীবীরা বাস্তবে কতটা যোগ্য তা মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে। যেমন: প্রতি কয়েক বছর পর বাধ্যতামূলক রিফ্রেশার কোর্স ও দক্ষতা যাচাই পরীক্ষা নেওয়া যেতে পারে।
- শৃঙ্খলা তদারকি: অনৈতিক কার্যকলাপ বা আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। এখন অনেক অভিযোগ বছরের পর বছর ঝুলে থাকে। দ্রুত ব্যবস্থা নিলে শৃঙ্খলা বজায় থাকবে।
- রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা: বার কাউন্সিলকে রাজনৈতিক দলগুলোর চাপ থেকে মুক্ত রাখতে হবে। কারণ রাজনৈতিক প্রভাব এ সংস্থার কার্যক্রমকে দুর্বল করে দেয়।
কঠোরভাবে আচরণবিধি প্রয়োগ:
আইনজীবীদের জন্য বার কাউন্সিল নির্ধারিত আচরণবিধি রয়েছে। এতে বলা আছে—ক্লায়েন্টের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা, আদালতে ভদ্রতা রক্ষা, বিচারকের প্রতি সম্মান দেখানো এবং নৈতিকতা মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক আইনজীবী এসব নিয়ম উপেক্ষা করেন।
- আদালতের ভেতরে শৃঙ্খলা: আদালতে হট্টগোল, অশোভন আচরণ বা বিচারকের প্রতি অসম্মান পেশার মর্যাদা ক্ষুণ্ন করে। এগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে হবে।
- ক্লায়েন্টকে বিভ্রান্ত করা: অনেক আইনজীবী মামলার বাস্তব চিত্র না জানিয়ে অযৌক্তিক আশ্বাস দেন, বা জটিল আইনি ভাষায় ক্লায়েন্টকে বিভ্রান্ত করেন। এসব কর্মকাণ্ড বন্ধে নজরদারি জরুরি।
- অতিরিক্ত ফি ও আর্থিক অনিয়ম: ক্লায়েন্টদের কাছ থেকে অযৌক্তিক ফি আদায় করা বা মামলার খরচ লুকানো প্রায় নিয়মিত অভিযোগ। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিত হলে আইনজীবীর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করার বিধান কার্যকর করতে হবে।
- তদারকি ব্যবস্থার উন্নয়ন: সুপ্রিম কোর্ট, বার কাউন্সিল ও জেলা আইনজীবী সমিতি যৌথভাবে আচরণবিধি বাস্তবায়নের জন্য একটি স্বাধীন তদারকি সেল গঠন করতে পারে।
সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষানবিশ: আইনজীবী হওয়ার আগে শিক্ষানবিশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এ সময়ে একজন নবীন আইনজীবী আদালতের বাস্তব পরিবেশে কাজ শিখেন। কিন্তু বাংলাদেশে এই প্রক্রিয়াটি অনেকাংশেই দুর্বল।
- অভিজ্ঞ আইনজীবীর তত্ত্বাবধান: বাস্তবে অনেক সিনিয়র আইনজীবী নতুনদের শেখাতে আগ্রহী নন। ফলে শিক্ষানবিশরা সঠিক দিকনির্দেশনা পান না। তাই সিনিয়রদের জন্য দায়িত্ব নির্ধারণ করতে হবে, যেন তারা নতুন প্রজন্মকে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
- সময়সীমা ও কাঠামো: বর্তমানে শিক্ষানবিশের সময়সীমা তুলনামূলক ছোট এবং কার্যকরভাবে পর্যবেক্ষিত হয় না। এ সময়সীমা বাড়ানো এবং কাঠামোগতভাবে নির্দিষ্ট কার্যক্রম (যেমন: মামলা রচনা, যুক্তি উপস্থাপন, আদালত পর্যবেক্ষণ) অন্তর্ভুক্ত করা দরকার।
- আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি: শুধু মামলার কাগজপত্র নয়, প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল প্রমাণ উপস্থাপন, আন্তর্জাতিক আইন বোঝা—এসব বিষয়ও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করতে হবে।
- রিফ্রেশার কোর্স: শিক্ষানবিশ শেষ হওয়ার পরও আইনজীবীদের নিয়মিত রিফ্রেশার কোর্সে অংশগ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে। এতে তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়াতে পারবেন।
জনগণের আস্থা অর্জন: আইন পেশার মূল ভিত্তি হলো জনগণের আস্থা। যদি মানুষ আইনজীবীদের সততা ও দায়িত্বশীলতায় আস্থা না রাখে, তবে পেশার মর্যাদা রক্ষা করা সম্ভব নয়।
- সততা বজায় রাখা: আইনজীবীদের স্বচ্ছ ও সৎ আচরণ করতে হবে। ক্লায়েন্টকে মামলার বাস্তব অবস্থা জানাতে হবে, মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না।
- ন্যায্য ফি: অযৌক্তিক ফি না নিয়ে মামলার খরচ স্বচ্ছভাবে জানাতে হবে। এতে ক্লায়েন্ট প্রতারিত হওয়ার আশঙ্কা কমবে।
- ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতা: শুধু মামলায় জেতা নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার দিকেও মনোযোগ দিতে হবে। এতে সমাজে আইন পেশার ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে।
- সামাজিক উদ্যোগ: জনসচেতনতা বাড়াতে আইনজীবীরা আইনি সহায়তা ক্যাম্প, লিগ্যাল এইড কার্যক্রম বা বিনামূল্যে পরামর্শ সেবা দিতে পারেন। এতে জনগণ সরাসরি উপকৃত হবে এবং আস্থা পুনরুদ্ধার হবে।
বাংলাদেশে আইন শিক্ষা ও আইনজীবী পেশার সংকট এক দিনের সমস্যা নয়; এর পেছনে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, প্রশিক্ষণের ঘাটতি ও আচরণবিধি ভঙ্গের সংস্কৃতি দায়ী। এর প্রভাব পড়ছে সরাসরি আদালতের পরিবেশে, মামলার গতি কমে যাচ্ছে, জনগণের আস্থা নষ্ট হচ্ছে এবং ন্যায়বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
তবে এর সমাধানও অসম্ভব নয়। বার কাউন্সিল যদি আরও সক্রিয় ও কার্যকর হয়, আইনজীবীরা যদি কঠোরভাবে আচরণবিধি মেনে চলেন, নতুনদের জন্য মানসম্মত প্রশিক্ষণ ও শিক্ষানবিশ ব্যবস্থা চালু হয় এবং সর্বোপরি আইনজীবীরা যদি সততা ও ন্যায়বোধ দিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করেন—তাহলে আইন পেশার হারানো মর্যাদা ফেরানো সম্ভব। ন্যায়বিচার শুধু আদালতের রায়ে সীমাবদ্ধ নয়; তা নির্ভর করে আইনজীবীদের দায়িত্বশীলতা ও পেশাগত মানের ওপর। তাই আজই প্রয়োজন বাস্তব পদক্ষেপ, যাতে আগামী প্রজন্ম একটি শক্তিশালী, মর্যাদাবান ও আস্থার আইন পেশা পায়।

