এনআইডি তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম। তিনি জানান, অভিযানে এনআইডি তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ, শতকোটি টাকার অবৈধ চুক্তি ও অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়।
দুদক জানায়, এ সময় এনফোর্সমেন্ট টিম ব্রাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের তিনটি শাখায় অভিযান চালায়। সেখান থেকে চেকের মালিকানা, সংশ্লিষ্ট হিসাবের লেনদেনের পরিমাণ ও স্থিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ রেকর্ড সংগ্রহ করা হয়।
এছাড়া অবৈধ ঘুষ লেনদেনের চুক্তিতে উল্লিখিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও ঠিকানার সত্যতা যাচাই করতে ব্যাংকগুলোতে চাহিদাপত্র প্রদান করা হয়েছে। দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে।

