ঢাকা কাস্টম হাউস থেকে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম কর্মকর্তারা অভিযান চালিয়ে প্রায় তিন লাখ পিস জাল ব্যান্ডরোল উদ্ধার করেন।
কাস্টম হাউসের এয়ারফ্রেইটের দুই নম্বর গেট থেকে এসব জাল ব্যান্ডরোল আটক করা হয়। কর্মকর্তাদের ধারণা, এগুলো তামাকজাত পণ্যে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে সেগুলো কীভাবে ঢাকায় এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউসের কমিশনার মশিউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জাল ব্যান্ডরোল আটক করা হয়েছে। ইতোমধ্যে আমরা ইনভেন্টরি শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
কাস্টম হাউস সূত্র জানিয়েছে, জাল ব্যান্ডরোল আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুতর অপরাধ। এটি রাষ্ট্রের রাজস্ব আয় হ্রাস করে এবং কালোবাজারি বাড়ায়। আটককৃত ব্যান্ডরোলের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

