জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক কামরুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে কামরুল ইসলামের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে তিনি কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে ছিলেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে যোগ দেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় কামরুল ইসলাম ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

