এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
রেড নোটিশ জারির তালিকায় সাইফুল আলমের পাশাপাশি আছেন তার দুই ভাই—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। আদালতের আদেশে বলা হয়েছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের মাধ্যমে তিনজনের বিরুদ্ধেই রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হবে। এর ফলে বিদেশে অবস্থান করলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের পথ সুগম হবে।
এস আলম গ্রুপ দেশের অন্যতম বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠান ও এর চেয়ারম্যান সাইফুল আলমকে ঘিরে নানা অভিযোগের বিষয় জনমনে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে ব্যাংক ঋণ, বিদেশে সম্পদ স্থানান্তরসহ নানা অভিযোগ তদন্তে আছে। দুদকের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে অভিযুক্তদের ফেরানোর উদ্যোগও তারই অংশ।
এর আগে দুদক সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের একাধিক মামলা দায়ের করে। এসব মামলার অগ্রগতির অংশ হিসেবে বৃহস্পতিবার আদালতে আবেদন জানানো হয়। আদালত আবেদনটি গ্রহণ করে রেড নোটিশ জারির নির্দেশ দেন।

