প্রায় ৩৮ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইঙ্গলউড শহরের মরিস হ্যাসটিংস। বয়স এখন ৭২ বছর। ক্ষতিপূরণ হিসেবে তিনি পেয়েছেন ২৫ মিলিয়ন ডলার।
হ্যাসটিংসের আইনজীবী একে অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ভুল হিসেবে বর্ণনা করেছেন। বার্তা সংস্থা এপি জানায়, মামলার আইনি নিষ্পত্তি হয় গত আগস্টে। তবে আদালতের নথিপত্র প্রকাশ্যে আসে গত সোমবার। ১৯৮৩ সালে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগে মরিস হ্যাসটিংসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। শুরু থেকেই তিনি দাবি করেছিলেন, তিনি নির্দোষ। তবুও প্রায় চার দশক কারাগারেই কাটাতে হয় তাকে।
এক প্রতিক্রিয়ায় হ্যাসটিংস বলেন, “আমার জীবনের ৩৮ বছর কোনোভাবেই ফেরানো সম্ভব নয়। তবে যে বোঝাপড়ার ব্যবস্থা হয়েছে তা আমি স্বাগত জানাই। এখন ভাবছি, জীবনের বাকি দিনগুলো কীভাবে কাটাবো।”
ক্ষতিপূরণের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইনজীবী ও ইঙ্গলউড শহরের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে নিশ্চিত করা হয়েছে, উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২২ সালে হ্যাসটিংস নির্দোষ প্রমাণিত হন। এর এক বছর পর ক্যালিফোর্নিয়ার এক বিচারক ঘোষণা দেন, তিনি যে অপরাধে দণ্ডিত হয়েছিলেন, সেই অপরাধ তার করা নয়।

