বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ১ নম্বর হল রুমে নিরবিচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে স্টারলিংক ইন্টারনেট সিস্টেম স্থাপনের আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বার অ্যাসোসিয়েশনের সদস্য মো. মাহমুদুল হাসান এ বিষয়ে সমিতির সেক্রেটারির কাছে লিখিত আবেদন জমা দেন।
আবেদনে তিনি জানান, বর্তমানে সুপ্রিম কোর্ট বারের ১ নম্বর হল রুমের ওয়াইফাই স্পিড সন্তোষজনক নয়। ইন্টারনেট প্রায়ই ওঠানামা করে এবং অনেক সময় একেবারেই ধীরগতির হয়ে যায়। এছাড়া বঙ্গোপসাগরে সাবমেরিন ক্যাবলের সমস্যার কারণে ব্রডব্যান্ড সংযোগে নিয়মিত বিঘ্ন ঘটে। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও থেকে যায়।
তিনি বলেন, এসব সমস্যার স্থায়ী সমাধান এবং আইনজীবীদের নিরবিচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট সুবিধা দিতে হলে একাধিক স্টারলিংক ইন্টারনেট সিস্টেম স্থাপন জরুরি। আবেদনে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির প্রতি আহ্বান জানান।

